লাফিয়ে বেড়েছে উইচ্যাট, উইকমের ডাউনলোড

২২ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫৩  
যুক্তরাষ্ট্রে নাটকীয় গতিতে বৃদ্ধি পেয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের উইচ্যাট মেসেজিং অ্যাপ ডাউনলোডের পরিমাণ। একইসময়ে লাফিয়ে বেড়েছে টেনসেন্টের রিব্র্যান্ডেড অফিস সহযোগিতার অ্যাপ উইকম ডাউনলোডের পরিমাণও। গত শুক্রবার ওয়াশিংটন উইচ্যাটের উপর পরিকল্পিত নিষেধাজ্ঞা জারির বিষয় নিশ্চিত করার পর এই ডাউনলোডের এই গতি বেড়ে যায়। ডাটা অ্যানালিটিক্স ফার্ম সেন্সর টাওয়ারের পর্যবেক্ষণ বলছে, শুক্রবার থেকে শনিবারের মধ্যে প্রায় ৫৪,০০০ বার উইচ্যাট ইনস্টল করা হয়েছে, যা এক সপ্তাহ আগের চেয়ে বেড়েছে ২৮ গুণ। এর দুই দিন আগেও ডাউনলোডের পরিমাণ ছিলো এক হাজার ৯০০টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্টে প্রথম যখন উইচ্যাট নিষিদ্ধ করবেন বলেছিলেন তখন টেনসেন্টের অফিস সহযোগিতা অ্যাপ উইচ্যাট ওয়ার্ক থেকে উইকম কে পুনঃব্র্যান্ড করা হয়। এক সপ্তাহ আগে একইসময়ে উইকম ৩০০ বার ডাউনলোড হলেও ১৯৩ শতাংশ বেড়ে শুক্রবার এবং শনিবার যুক্তরাষ্ট্রে ৫৮ হাজার বার ডাউনলোড করা হয়েছে অ্যাপটি।